মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

স্বল্প খরচে ডিজিটাল সেবা দোরগোড়ায়, পবায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ২৬ জানুয়ারি ২০২৬ ০১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ জানুয়ারি ২০২৬ ০১:০৮ অপরাহ্ন
স্বল্প খরচে ডিজিটাল সেবা দোরগোড়ায়, পবায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

স্বল্প খরচে ও দ্রুত সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে পবায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় স্থাপিত এই কেন্দ্র গ্রামীণ ও শহরতলীর মানুষের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন ডিজিটাল সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেই লক্ষ্যে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পবা উপজেলা পরিষদ কমপ্লেক্সের পঞ্চম তলায় ৪ হাজার ১৫০ বর্গফুটের আয়তনের নবনির্মিত সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি একযোগে দেশের ১০০টি উপজেলায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি পর্যায়ক্রমে দেশের ৪৯০টি উপজেলায় এসব কেন্দ্র চালু করা হবে বলেও জানান।

এরপর পবা উপজেলার সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের নামফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন,“এই সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র পবা উপজেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে ও স্বল্প খরচে প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে এই কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন,“ডিজিটাল সেবায় প্রবেশাধিকার বাড়লে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং প্রশাসনিক সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহ, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এক জায়গায় বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্বল্প খরচে ইন্টারনেট ব্রাউজিং, প্রিন্টিং, ফটোকপি, স্ক্যানিং, লেমিনেটিং ও ছবি তোলার সুবিধা। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন ই-সেবাও প্রদান করা হবে।

কেন্দ্রটি থেকে জমির রেকর্ড সংগ্রহ, নামজারি, ই-পর্চা, জন্মনিবন্ধন, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি ফরম পূরণ ও ডাউনলোড করা যাবে। এতে জেলা শহরমুখী মানুষের যাতায়াত কমবে এবং সময় ও খরচ সাশ্রয় হবে বলে জানান কর্মকর্তারা।

প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তরুণদের আইসিটি দক্ষতা বৃদ্ধি পাবে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ই-মেইল ব্যবহার, অনলাইন আবেদন, পরীক্ষার ফলাফল জানা ও বিভিন্ন তথ্য সংগ্রহের সুবিধা মিলবে এই কেন্দ্র থেকে। কৃষি পরামর্শ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য এবং টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ থাকায় ডিজিটাল অর্থনীতির বিস্তারে এ উদ্যোগ সহায়ক হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ইডিসি প্রকল্পের আওতায় স্থাপিত সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে তথ্যসেবা ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।