সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ইংল্যান্ডের কাছে হার, সুপার সিক্সেই বিদায় বাংলাদেশের

সোনার দেশ ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন খেলা
সোনার দেশ ২৬ জানুয়ারি ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
ইংল্যান্ডের কাছে হার, সুপার সিক্সেই বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সেই পথ চলা থেমে গেছে বাংলাদেশের। সোমবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছে আজিজুল হাকিমের দল। 


সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হতো- এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে পুরোপুরি। ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানে অলআউট হয় জুনিয়র টাইগাররা। উল্লেখযোগ্য স্কোর বলতে রিফাত বেগের ৩১, আজিজুল হাকিমের ২০, আব্দুল্লাহর ২৫ ও শাহরিয়ার আহমেদের ১৮ রান। 



ইংল্যান্ডের হয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার সেবাস্টিয়ান মরগান। ২টি করে নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লামসডেন। 


স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। পেসার আল ফাহাদ তৃতীয় ওভারেই আঘাত হেনে ইংল্যান্ডের ওপেনার জোসেফ মুরসকে সাজঘরে পাঠান। নবম ওভারে আরেক ওপেনার বেন ডকিন্সকেও (২৭) ফিরিয়ে দেন ফাহাদ। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৩৯ রান। এরপর আর দিশা হারাতে দেননি অধিনায়ক থমাস রিউ ও বেন মেয়ার্স। তাদের ৭৮ রানের জুটি ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায়।


মেয়ার্স ৩৪ রান করে সামিউন বাসিরের বলে আউট হলেও রিউ ৫০ বলে অপরাজিত ৫৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ উইকেট হারানো ইংল্যান্ড ২৪.১ ওভারে জয় নিশ্চিত করে। 


এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তাদের হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। গ্রুপ পর্ব থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠা বাংলাদেশ এখন গাণিতিকভাবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। 


উল্লেখ্য, ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জেতা বাংলাদেশ ২০২২ সালে অষ্টম ও ২০২৪ সালে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল।


বাংলা ট্রিবিউন