রাজশাহীতে বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
বাগমারার নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার গোলাম মোস্তফাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ওমর আলীর বিরুদ্ধে।বিএনপির ওই নেতাকে প্রকাশ্যে জামায়াত নেতার কোপানোর একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফেসবুকের মাধ্যমে জামায়াত নেতার এমন কর্মকাণ্ড দেখার পর থেকেই এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে সোমবার বিকালে কাস্টনাংলা গ্রামসংলগ্ন জোকাবিলে নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ওমর আলীর নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির মাস্টার গোলাম মোস্তফা ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলার তিন মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ওমর আলী লম্বা হাঁসুয়া হাতে নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার গোলাম মোস্তফাকে কোপাচ্ছেন। সেই সঙ্গে ওমর আলীর পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা বিএনপির ওই নেতার পক্ষের লোকজনকে মাটিতে ফেলে কোপাতে ও পেটাতে দেখা যায়। স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনার খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জামায়াত নেতা ওমর আলীসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।