সোমবার, জুন ২২, ২০২৬

নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে: বিভাগীয় কমিশনার

তথ্যবিবরণী ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে। সরকার আপনাদের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছাতে চায়। আমাদের সবাইকে গণমাধ্যমবান্ধব হতে হবে।


গণমাধ্যম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। গণমাধ্যম তো আমাদের সংবাদই প্রচার করে। তাদের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে। আমাদের কাজের সকল বিষয় তারা জনগণের কাছে নিয়ে যায়, জনগণের কাছে প্রচার করে।


বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী পদ্মা আবাসিক এলাকায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে দপ্তরটি আয়োজিত ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নীতিমালা-২০২৫’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


গণমাধ্যমের উপর গণমানুষের অগাধ আস্থা রয়েছে-উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন খুব গুরুত্বপূর্ণ জনসম্পৃক্ত একটি বিষয়। ভোটের সময়ে আমাদের ইন্দ্রিয়গুলো খুব সচল থাকে। সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে জনগণ গণমাধ্যমের দিকে মুখিয়ে থাকে।


গণমাধ্যম যা বলে আমরা তা বিশ্বাস করি। নির্বাচনের সময় কে কোথায় কত ভোট পেল, কোন জায়গায় কী রকম পরিস্থিতি তা জানার জন্য সকলেই মুখিয়ে থাকে। এ সময় সাংবাদিকদের তথ্য প্রকাশের শক্তি কাজে লাগিয়ে সুনাম অর্জনের আহ্বান জানান তিনি।


সংবাদ প্রচারের ক্ষেত্রে রাজশাহীর সাংবাদিকদের মান বজায় রাখার প্রশংসা করে তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যমগুলো জাতীয় গণমাধ্যমে খুব গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করে। দুই এক দিন হয়তো চটকদার সংবাদ করে আলোচনায় আসা যায় কিন্তু শেষ বিচারে মাঠে থাকা সম্ভব হয় না।


নির্বাচনি মিডিয়া সেল খোলা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পর্যায়ে প্রতিদিনের কার্যাবলি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং জেলা পর্যায়েও এই ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর মাধ্যমে বিভাগের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারব। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারলে জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি হবে এবং আমাদের মধ্যে দূরত্ব কমে আসবে।


আমাদের কর্মকর্তারা তরুণ সেক্ষেত্রে আপনাদের সাথে মতবিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। এ সময় নির্বাচনি সংবাদ সংগ্রহে গণমাধ্যমের জটিলতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সাংবাদিকদের আশ্বাস দেন তিনি।


মতবিনিময় সভায় প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। তিনি একই সাথে সভায় সভাপতিত্ব করেন।


আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন প্রমুখ। স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ এবং টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।