মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বড়াইগ্রামে প্রবীণদের হেলথ ক্যাম্পেইন, মিলেনি সাড়া

নাটোর প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
বড়াইগ্রামে প্রবীণদের হেলথ ক্যাম্পেইন, মিলেনি সাড়া


নাটোরের বড়াইগ্রামে ১০০ বয়সের উর্ধ্বে তথা শতবর্ষী প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ্ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই ক্যাম্পেইনে সাড়া মেলেনি। 


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র চারজন শতবর্ষী প্রবীণকে বাড়ি থেকে সরকারি অ্যাম্বুলেন্স করে এনে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কিছু ওষুধ দেওয়া হয়। অন্য আর কোন শতায়ু প্রবীণের সন্ধান না পাওয়ায় বুধবারে (২৮ জানুয়ারি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। 


বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডলি রানী জানান, মাত্র একদিনের নোটিশে এ ক্যাম্পেইন আয়োজন করতে হয়েছে। তাই শতবর্ষী প্রবীণদের চিহ্নিত করার সুযোগ পাওয়া যায়নি। এই ক্যাম্পেইন শুরু করার আগে মাঠ পর্যায়ে জরিপ চালিয় ১০০ বছর ও তদূর্ধ্ব প্রবীণদের তথ্য সংগ্রহ করলে ক্যাম্পেইনটি সফল হতো। শতবর্ষী প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।  


উল্লেখ্য, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুষ্ঠিত হেলথ্ ক্যাম্পেইনে যে চারজন শতবর্ষীকে সেবা দেওয়া হয়েছে তারা হলেন, উপজেলার নগর বড়দেহা গ্রামের আব্দুর রহমান মোল্লা (১০০), জোনাইল দ্বারিকুশির ছায়েতুল্লাহ মিয়া (১০৩), মাঝগাঁও ঢুলিয়ার আব্দুর রহিম প্রামানিক (১০০) ও জোয়াড়ি আটঘরিয়া গ্রামের স্নেহলতা দাস (১০৩)। স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট শফিকুর রহমান ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা প্রদান করেন।