ঈশ্বরদীতে নির্বাচনী ব্যানার লাগানো নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ
পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার সাঁড়া ইউনিয়নের পুরাতন রেললাইনের মাজদিয়া নূরা ঠাকুরের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর কর্মী স্বেচ্ছাসেবক দলের নেতা সাজেদুল ইসলাম ও আকাশ হোসেন নামের দুই জনকে বিএনপি প্রার্থীর কর্মীরা মারপিট এবং সাজেদুলের বাড়িতে গিয়ে গালাগালি ও হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে নির্বাচনী প্রচারণা চলাকালে ঘটনাস্থলে বিএপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক নেতাকর্মীদের মাধ্যমে জানা গেছে, সাঁড়া ইউনিয়নের পুরাতন রেললাইনের মাজদিয়া নূরা ঠাকুরের মোড় এলাকায় একই স্থানে একটি নির্বাচনী অফিসের সামনে ধানের শীষ ও মোটর সাইকেল প্রতীকের ব্যানার টাঙানো নিয়ে উভয় প্রার্থীর কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মী আলম হোসেন, আকাল উদ্দিন ও শাহীন হোসেনসহ কয়েকজন কর্মীরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজেদুলের বাড়িতে গিয়ে তাকে হুমকি-ধামকি ও গালাগাল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উভয়দলের নেতাকর্মীরা উপস্থিত হলে উত্তেজনা প্রশমিত হয়।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজেদুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা ও গালাগালি করার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের নেতাদের সঙ্গে কথা বলার পরিস্থিতি শান্ত করা হয়েছে।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ইমরুল কায়েস সুমন বলেন, স্থানীয় নেতাকর্মী জুনিয়রদের মধ্যে ভূল বুঝাবুঝি থেকে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটেছে তবে খবর পেয়ে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব নিজে ঘটনাস্থলে গিয়ে সবাইকে বোঝানোর পর পরিবেশ স্বাভাবিক হয়েছে।