সোমবার, জুন ২২, ২০২৬

চাঁদাবাজমুক্ত আসন গড়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী কালাম

নিজস্ব প্রতিবেদক ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ জানুয়ারি ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
চাঁদাবাজমুক্ত আসন গড়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী কালাম

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজশাহী-৩ আসন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, রাজশাহী-৩ আসনের মাটি থেকে দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলার সময় এসেছে। জনগণের কষ্টার্জিত অর্থ আর চাঁদাবাজদের পকেটে যেতে দেওয়া হবে না। 


বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলার ধুরইল ও ঘাসিগ্রাম ইউনিয়নে পথসভা ও প্রচার মিছিল শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ৮টায় পারিলা ইউনিয়নের কালুমেড় এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন। পরে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নওহাটা বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।


পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীশিক্ষা, ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ছাত্রী ও যুব মহিলাদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। মতবিনিময় শেষে তিনি পুনরায় ধুরইল ইউনিয়নের মহব্বতপুর বাজারে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুরইল ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এই পথসভা ও মিছিলে চাঁদাবাজি বন্ধসহ দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


গণসংযোগে নেতা-কর্মীদের হাতে লিফলেট ও প্রতীকী দাঁড়িপাল্লা দেখা যায়। এ সময় প্রার্থী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।” ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে; বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামীর জন্ম। তবে দীর্ঘদিন ধরে দলটির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।