মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে পৌঁছান। নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

এর আগে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীতে পৌছান। এরপর তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (র) মাজার জিয়ারত করেন তিনি। এরপর এসে পৌছান জনসভাস্থানে। 

এদিন সকাল থেকে রাজশাহীসহ নাটোর ও চাঁপাইনবাগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ মাদ্রাসা মাঠ ছিল তারেক রহমানের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

এর আগে লাল-সবুজের বাসে করে তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।

সকাল থেকেই নগরীর সাহেববাজার, কোর্টবাজার, কাশিয়াডাঙ্গা, লক্ষীপুর মোড়, সিঅ্যান্ডবি মোড়, বর্ণালীর মোড়, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।