সোমবার, জুন ২২, ২০২৬

খুন ও নারী হেনস্তার প্রতিবাদে রাবিতে ‎বিএনপিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি

রাবি প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২৯ জানুয়ারি ২০২৬ ০২:৩২ অপরাহ্ন
খুন ও নারী হেনস্তার প্রতিবাদে রাবিতে ‎বিএনপিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি
রাবিতে ‎বিএনপিকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

বিএনপি নেতাকর্মীদের দ্বারা দুই শতাধিক খুনের ঘটনা ও নারীদের উপর হামলার অভিযোগ করে এর প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

এই কর্মসূচিতে রাবি সিনেটের নির্বাচিত সদস্য ফাহিম রেজা বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি রাজনীতিতে চলমান অরাজকতা এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৫ই আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক প্রাণ গিয়েছে।

তিনি বলেন, বিশেষ করে নির্বাচনের পরিবেশকে কলুষিত করে গতকাল প্রথম খুনের ঘটনা ঘটেছে। গত তিন দিনে দেশের ৬০টিরও বেশি স্থানে নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হিজাব বা বোরকা পরে ভোট চাইতে যাওয়ার কারণে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে, যা আমাদের মা-বোনদের সম্মানে আঘাত এবং সুস্থ রাজনীতির পরিপন্থী।

তিনি আরো বলেন, আমরা আশা করেছিলাম বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, প্রশাসনের উপস্থিতিতেই হামলা-পাল্টা হামলা এবং খুনের ঘটনা ঘটছে। ফুটবল মাঠে কেউ নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে একের পর এক ‘ফাউল’ করা এবং খুনের রাজনীতি কায়েম করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি.এম. নাজমুছ সাকিব বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আমরা যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি এবং দুই শতাধিক খুনের মাধ্যমে তা ধূলিসাৎ করে দিয়েছে। তাদের শীর্ষ নেতা বিদেশে ১৭ বছর থেকে ‘নতুন পরিকল্পনার’ কথা বললেও বাস্তবে আমরা দেখছি সেই পুরনো হত্যার রাজনীতির পুনরাবৃত্তি।

রাজনীতিতে একের পর এক এই নীতিহীন ‘ফাউল’ করার প্রতিবাদে আজ আমরা তাদের লাল কার্ড প্রদর্শন করছি। আমাদের পরিষ্কার হুঁশিয়ারি—খুন ও সন্ত্রাসের এই পথ পরিহার না করলে বিগত স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি হবে। আমরা অবিলম্বে সকল হত্যার বিচার চাই।

কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ১৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।