নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার
নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
এসময় তাঁরা ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই’, ‘নারী নিপীড়নকে না বলুন’, ‘নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই’, ‘নারী হেনস্তাকারীর বিচার চাই’, ‘সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান।
এসময় তাঁরা সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, নারীদের হুমকি দেওয়া নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এসব সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ইসলামী ছাত্রীসংস্থাকে হুমকি দেওয়া হয়েছে এবং মহিলা জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়েছে। লালমনিরহাট, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারণা চলাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলা জামায়াত ও সাধারণ নারীদের গালিগালাজ, হেনস্তা এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি আরও বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি দেশের সকল সচেতন নাগরিক এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। পরবর্তীতে আমাদের কোনো কর্মসূচি থাকলে আমরা অবশ্যই জানিয়ে দেব।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।