সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় লুসিয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন  কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে  ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির অনুপস্থিতে এ  রায় প্রদান করেন। তিনি পলাতক আছেন। লুসিয়ারা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের  সরজন গ্রামের মৃত বেলাল উদ্দিনের মেয়ে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ আটক হন লুসিয়ারা। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম সদর থানায় মামলা করেন।  


২০২৩ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামান লুসিয়ারাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন। দীর্ঘ শুনানি শেষে উল্লেখিত রায়ে দণ্ডিত করেন আদালতের বিজ্ঞ বিচারক।