শনিবার সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে আসবেন। তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে।
এদিন দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ জানান, দলের শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশা করি বিএনপির বিশাল এই নির্বাচনী জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে না।
জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভাটি সফল করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে।###