চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত প্রার্থী বুলবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালটুলী পদ্মা নদীর তীরে এক সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন নুরুল ইসলাম বুলবুল।
ইশতেহারে তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা নির্মাণ, ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। হিন্দু, বোদ্ধ,খৃষ্টান সহ সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।
এদিকে জেলা সদর এর সাথে ইউনিয়ন সমুহের সরাসরি সংযোগ এবং প্রধান প্রধান সড়ক গুলো সম্প্রসারণসহ চর,বরেন্দ্র অন্চলের সাথে যোগাযোগ আধুনিক করনের কার্যকর পদক্ষেপ গ্রহন। জেলার অন্তর্ভুক্ত পাঁচ উপজেলার মানুষের জন্য জেলা শহরে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
অন্যদিকে সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, তিনমাসের মধ্যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, নদীভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ বিভিন্ন সেক্টরে মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।