মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
পাবনা-৪

বিএনপির ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন
বিএনপির ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর পাল্টাপাল্টি বক্তব্যে ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলার বিএনপি দলীয় নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। 


নির্বাচনী প্রচারণার উঠান বৈঠক, নির্বাচনী জনসভা এমনকি নির্বাচনী প্রচারনার সময়েও তারা দুই প্রার্থী একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা নানা সমালোচনাও করছেন তাদের সম্পর্র্কে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে এ অবস্থা চলমান। 


শুক্রবার বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু ঈশ্বরদী ও আটঘরিয়ার একাধিক নির্বাচনী বৈঠকে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে উদ্দেশ্য করে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির একাধিক নেতা। 


অপরদিকে, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব জাকারিয়া পিন্টু সম্পর্কে শুক্রবারও আক্রমনাত্বক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন পিন্টু অনুসারী বেশ কয়েকজন নেতা। এ নিয়ে দৃশমান পাল্টাপাল্টি বক্তব্যের মত সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দুই প্রার্থীর কর্মী সমর্থকরা নানা মন্তব্য করে সরব করে রেখেছেন ফেসবুক।


জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বিদ্রোহী প্রার্থী হওয়ার কারনে ইতোমধ্যে বিএনপি থেকে তাকে বহিস্কার করা হয়েছে। তার সঙ্গে আরো যেসব বিএনপি নেতারা মোটর সাইকেল প্রতিকের প্রচারণায় অংশ নিচ্ছেন তাদেরও বহিস্কার করা হবে বলে দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ প্রতিবেদককে জানিয়েছেন। 


শুক্রবার ঈশ্বরদী শহরে আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায় পাবনা জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার বক্তব্যে বলেন, ‘বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সঙ্গে মোটর সাইকেল প্রতিকে কাজ করার জন্য এই আসনের সাবেক এমপি সিরাজ সরদারকেও বহিস্কার করা হবে।’ ধানের শীষের বিরোধীতাকারী অন্যান্য বিএনপি নেতাদের আজ-কালের মধ্যে বল থেকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি।


এসব বিষয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু বলেন, আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে, আরো অনেককে বহিস্কার করা হবে। তার পরও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।