পুঠিয়ায় নছিমনের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত
রাজশাহীর পুঠিয়ায় নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া-বাগমারা আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম রবিউল ইসলাম (২৮)। তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, রবিউল ইসলাম তার অটোরিকশা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, দুর্ঘটনার পর নছিমনটি জব্দ করা হয়েছে। তবে নছিমনের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।