বাগমারায় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
রাজশাহীর বাগমারা উপজেলায় একটি কলাবাগান থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাইগাছা বাজার সংলগ্ন রামপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার কৃষকের নাম মাহবুর রহমান (৪২)। তিনি হাট মাধনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীরা জানিয়েছেন, এদিন সকালে রামপুর এলাকার একটি কৃষি জমিতে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে দুপুরে এসে বাগমারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও র তদন্ত শুরু করা হয়েছে।