মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মোহনপুরে স্পিরিট পানে তিনজনের মৃত্যু

সোনার দেশ ৩১ জানুয়ারি ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ৩১ জানুয়ারি ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন
মোহনপুরে স্পিরিট পানে তিনজনের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলার বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পানে তিনজনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।


মৃতরা হলেন মোহনপুর উপজেলার বাকশিমইল ইউপির ধোপাঘাটা গ্রামের পিন্টু (৫৫), মৌপাড়া গ্রামের মৃত নাজিবুর রহমানের ছেলে শাহিন আলম (৪৬) এবং পবা উপজেলার মাধাইপাড়া গ্রামের হাবিবুর রহমান হবি।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ধোপাঘাটা বাজারে অতিরিক্ত বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট (কট) সেবনে চারজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে তিনজন মারা গেলেও অপরজন, ধোপাঘাটা গ্রামের মুক্তার হোসেনের ছেলে ও পেশাদার কট ব্যবসায়ী বুলবুল হোসেন (২৬)-এর কোন খোঁজ পাওয়া যায়নি।


ধোপাঘাটা বাজার ও আশেপাশের এলাকা এখন বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট বা ‘কট’-এর অবাধ বিক্রির স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। মারাত্মক নেশাজাতীয় এ মাদকদ্রব্য সেবনে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও থামছে না এই মরণব্যবসা।


এর আগে একই এলাকায় কট সেবনে একসঙ্গে চারজনের মৃত্যু এবং পার্শ্ববর্তী বাগমারা উপজেলার কুমানিতলা গ্রামে আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া গত ২৮ জানুয়ারি জাহানাবাদ ইউপির নোনাভিটা গ্রামের একটি পুকুর থেকে লালু নামের এক মাদকসেবীর লাশ উদ্ধার করে পুলিশ।


মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মাদক সেবনে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মেডিকেল রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ ‘হৃদরোগ বা হার্ট ফেইলিওর’ বলা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।


রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার বলেন, এর আগেও ওই এলাকায় কট সেবনে ৪ জনের মৃত্যু হয়েছিল। আবারও তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ধোপাঘাটা বাজারে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে কট বিক্রি হলেও প্রশাসনের নজরদারি শিথিল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত অভিযান চালিয়ে এই প্রাণঘাতী মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।