রাজশাহী সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আইসিইউতে
রাজশাহীতে সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার গলায় কাপড় পেঁচানো ছিল। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় বিছানায় পড়ে ছিলেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আটটার দিকে বাসা থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। রামেক হাসপাতালের চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৫৫)। তিনি কামাল মালিক নামে পরিচিত। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক হিসেবে কাজ করছেন। নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। তিনি ড্যামফিক্স পান করেছেন। তার শারীরীক অবস্থা সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা বাড়ি যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় বাড়িতে কে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছেন। কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এখনও মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।