মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় টমটম চালক নিহত

সোনার দেশ ডেস্ক ৩১ জানুয়ারি ২০২৬ ১২:২১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩১ জানুয়ারি ২০২৬ ১২:২১ অপরাহ্ন
ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় টমটম চালক নিহত
নিহত মো. মাসুদ হাসান মাহিদ। সংগৃহীত ছবি

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় মো. মাসুদ হাসান মাহিদ (১৯) নামে শ্যালো ইঞ্জিনচালিত টমটমের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন কিশোর।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ফেনী শহরের নাজিররোড এলাকার টিপটপ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ কুমিল্লার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের বড় ছেলে।

পরিবারসহ দীর্ঘ ১৯ বছর ধরে তিনি ফেনী শহরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

আহত কিশোরের নাম ইরফান (১৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ তার বাবা মো. নয়নের সঙ্গে বরফকলে কাজ করতেন এবং পাশাপাশি টমটম চালাতেন।

শুক্রবার সন্ধ্যায় টমটম নিয়ে বের হলে কয়েকজন কিশোর তাকে ডেকে নেয়। পরে তর্কাতর্কির একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে মাসুদের ওপর হামলা চালানো হয়।গুরুতর আহতাবস্থায় মাসুদ ও তার সঙ্গে থাকা ইরফানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাসুদকে মৃত ঘোষণা করেন  কর্তব্যরত চিকিৎসক।

আর আহত ইরফানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বাবা মো. নয়ন বলেন, আমার ছেলে আমার সঙ্গে বরফকলে কাজ করতো। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কাজে যায়নি। আজ টমটম নিয়ে বের হয়েছিল। পরে খবর পাই তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহতের ছোট ভাই অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং ইয়াফি, রাহাত, শান্ত, মারুফ ও নিলয় তার ভাইকে হত্যা করেছে। এর আগেও তারা একবার তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল বলে দাবি করেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল মোহছেন সুজন বলেন, হাসপাতালে আনার আগেই মাসুদের মৃত্যু হয়েছে। তার বাম কাঁধ ও বুকে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। আহত অপরজনের বাম কান ও মুখে গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাহাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানালেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মারামারির ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তথ্যসূত্র: বাংলানিউজ