রাজশাহী কলেজে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু
রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপি নবম সাইন্স ফেস্টিভালের আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মেলায় নগরীর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত উদ্ভাবন এবং আইডিয়া প্রদর্শন করে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর বিএম আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, বিজ্ঞান মেলার আহ্বায়ক প্রফেসর মো. আলাউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কলেজের ছাত্র- ছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা।
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রফেসর বি এম আব্দুল হান্নান। তিনি বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন- আধুনিক প্রযুক্তিনির্ভর দেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক পঠনপাঠনের প্রতি আরও মনোযোগী হতে হবে। তিনি এ আয়োজনে অংশগ্রহণকারী সকল ক্ষুদে বিজ্ঞানীর প্রতি কৃতজ্ঞতা ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।