সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শতভাগ জয়েই বাছাই মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

সোনার দেশ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
শতভাগ জয়েই বাছাই মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

সামনে যে-ই এসেছে, পাত্তা পায়নি। সবাইকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপাল থেকে নিগার সুলতানা জ্যোতির দল দেশে ফিরবে শতভাগ জয় নিয়ে। তাদের এই গল্পের সবটা জুড়েই কেবল সাফল্য।

রবিবার (১ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নামা ডাচ মেয়েদের তারা থামিয়ে দেয় ১০২ রানে। পরে ২০ বল হাতে রেখেই টপকে যায় এই রান। সুপার সিক্সে প্রথম ম্যাচ জিতেই নিগাররা নিশ্চিত করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।

নেদারল্যান্ডস ম্যাচে সেরা হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় তিনি শিকার করেন ৩ উইকেট। ১টি করে উইকেট পান মারুফা আক্তার, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নিগার। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন ট্রাইগ্রেস ব্যাটার।

রান তাড়ায় মাত্র ৬ রানে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। গোল্ডেন ডাক মারেন জুয়াইরা ফেরদৌস এবং দিলারা আক্তার থামেন ব্যক্তিগত ৪ রানে। শারমিন আক্তার কিছুটা সময় সঙ্গ দেন নিগারকে। দলীয় ৪৮ এবং ব্যক্তিগত ১৩ রানে থামেন তিনি।

এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন নিগার। দুজনের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। সোবহানা ৩৩ রানে (২৩ বলে) অপরাজিত ছিলেন। বাছাইপর্বে কোনো ম্যাচ না হারা একমাত্র দল বাংলাদেশ। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সুপার সিক্স টেবিলের শীর্ষে থেকেই মিশন শেষ করেছেন নিগার ও তার সতীর্থরা।