মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পত্নীতলায় ২ ঘণ্টা কর্মবিরতি সরকারি চাকরিজীবীদের

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২ অপরাহ্ন
পত্নীতলায় ২ ঘণ্টা কর্মবিরতি সরকারি চাকরিজীবীদের

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ৭ দফা দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় সরকারি চাকরিজীবীরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারি কল্যাণ সমিতি, পত্নীতলা উপজেলা শাখার অংশগ্রহণে আয়োজিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সমাবেশ থেকে ঘোষণা করা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দফতরের সামনে অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, গত ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন এবং গত ৫ ডিসেম্বরের বিশাল মহাসমাবেশের পরও সরকার দাবি আদায়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করছেন। বিশেষ করে জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক এক মন্তব্যে ‘অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না’–কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

বক্তারা বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা ও সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা বেতন নির্ধারণ করে ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবি জানান। এ ছাড়া ২০১৫ সালের পে-স্কেলে হরণকৃত ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা এবং গ্রাচুইটির হার ১০০ শতাংশ করার দাবি জানানো হয়।