মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

এবি পার্টির প্রার্থীকে ওসমান হাদির মতো হত্যা-পরিকল্পার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
এবি পার্টির প্রার্থীকে ওসমান হাদির মতো হত্যা-পরিকল্পার অভিযোগ

রাজশাহী-২ (সদর) আসনের আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমানকে ওসমান হাদির মতো মারার পরিকল্পনার অভিযোগ করেছেন। তিনি রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 


রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই লিখিত অভিযোগ দেন তিনি। এর অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ গোয়েন্দা সংস্থাগুলোকেও। 


লিখিত অভিযোগে মুহাম্মদ সাঈদ নোমান লেখেন, ১৯৭১ সালের পর আমি রাজশাহীর সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ ভোটারসহ রাজশাহীর গণমানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার অবস্থান অনেক উপরে গেছে। আমার অবস্থান বুঝতে পেরে ভোটের মাঠ সরাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে দলের নেতা-কর্মীদের উপর হামলা করার ষড়যন্ত্র করছে। তারা শহীদ উসমান হাদীর মতো আমাকে ভোটের মাঠ থেকে সরাতে চাচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন এবং আশঙ্কায় আছি।  


কে এবং কীভাবে হুমকি দিলÑএ বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ সাঈদ নোমান বলেন, যতটুকু অভিযোগ দিয়েছি ঠিক ততটুকুই। স্টেপ বাই স্টেপ আগাতে হবে। যতখানি আইনগত পদক্ষেপ নেওয়ার আমি ততখানি নিচ্ছি। এরপর ব্যক্তি কেউ আসে বা কোনো ব্যক্তির প্রমাণ পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা আমাকে নির্বাচনি মাঠ থেকে হঠানোর জন্য একটি গ্রুপ বা গোষ্ঠি পরিকল্পনা করছে। একটি দল মতিহারে ভোট কমে যাবে তাই আমাকে সরানোর জন্য তারা যা করার তাই করছে।  


অভিযোগের বিষয়ে কথা বলার জন্য  রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার আফিয়া আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, আমরা এখনও অভিযোগের অনুলিপি পাইনি। প্রার্থী নিরাপত্তাহীনতায় মনে আমাদের জানালে আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো।