মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে সক্রিয়, বহিস্কার আতঙ্কে বিএনপি নেতারা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন
বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে সক্রিয়, বহিস্কার আতঙ্কে বিএনপি নেতারা

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের দুই উপজেলায় বহিস্কার আতঙ্ক বিরাজ করছে বিএনপি নেতা-কর্মীদের মাঝে। সংশ্লিষ্ট সূত্রের নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এই নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের ‘হেভিওয়েট প্রার্থী’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।


বিএনপির নির্ভরযোগ্য সূত্রের দাবি তাকে চ্যালেঞ্জ করে এবং বিএনপির নির্দেশনা না মেনে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে যেসব নেতারা এখনো ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ও মোটর সাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তাদের দু’এক দিনের মধ্যে দল থেকে বহিস্কার করা হতে পারে। ইতোমধ্যে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার নির্বাচনী বিভিন্ন সভায় এই আসনের সাবেক এমপি ও পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারের নাম উল্লেখ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করা নেতাদের বহিস্কারের ঘোষনাও দিয়েছেন।


ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির দলীয় মতামত ও ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেক এমপি সিরাজ সরদার ছাড়াও বহিস্কার হতে পারেন এমন নেতাদের মধ্যে রয়েছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ‘ফুল জুয়েল’, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোনামনি, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরদার, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান প্রমুখ। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এসব নেতারা ছাড়াও আরো বেশ কয়েকজনের নামের তালিকা ইতোমধ্যে বিএনপির হাই কমান্ডে পাঠানো হয়েছে। পাবনা-৪ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা মাহ্বুবুর রহমান পলাশ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।



এসব বিষয়ে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে আমাদের দলীয় প্রতীক ধানের শীষের বিরোধীতা করে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীর সঙ্গে নির্বাচনী কর্মকান্ডে লিপ্ত আছেন তাদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই, তাদের দল থেকে বহিস্কার করা দলের যৌক্তিক সিদ্ধান্ত।


এ বিষয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী দল থেকে সদ্য বহিস্কৃত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মতামত জানতে গতকাল সোমবার তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।