সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপি নেতাদের চাঁদা দাবি ও মালামাল লুটের পাল্টাপাল্টি অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপি নেতাদের চাঁদা দাবি ও মালামাল লুটের পাল্টাপাল্টি অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে ‘জাতীয় নির্বাচন পরিচালনার খরচ হিসেবে’ এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং ২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে পৌর শহরের ইস্তা এলাকায় ব্যবসায়ী ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুমন আলী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।এর আগে রোববার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বরইচারা এলাকায় অবস্থিত প্রাণ এর বঙ্গ মিলার্স লি. এর প্রধান ফটকের সামনে থেকে মালামাল লুটের ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। 


রুমন আলী অভিযোগ করে বলেন, সকল নিয়ম মেনে দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বরইচারা এলাকায় অবস্থিত বঙ্গ মিলার্স লি. এ বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছি। রোববার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাসের নির্দেশে ঈশ্বরদী পৌর কৃষক দল নেতা আলম (ওরফে ডাকাত আলম), জামরুল ইসলাম, আলম হোসেন (২) ও শহিদুল ইসলাম চেনু সরদারসহ অজ্ঞাত কয়েকজন বিএনপি নেতা পাবনা-৪ আসনের ধানের শীষের নির্বাচন পরিচালনার খরচ হিসেবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রায় দুই লাখ টাকার মালামাল (এসডিবি এলডিবি পলিথিন) লুট করে নিয়ে যায় এবং একটি ইঞ্জিন চালিত ভুটভটি গাড়ি ভাঙচুর ও চালককে মারপিট করে। তিনি আরো বলেন, এর আগেও গত ২৮ জানুয়ারি আলম ডাকাত চাঁদা দাবি করেছিলেন।


বর্তমানে নিজের জীবন ও ব্যবসায়িক নিরাপত্তা নিয়ে হুমকির মুখে আছি বলে উল্লেখ করে ভুক্তভোগী রুমন আলী এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বঙ্গ মিলার্স লি. এ কর্মরত কর্মচারী বাচ্চু হোসেন, ওই প্রতিষ্ঠানে মুরগি সরবরাহকারী শুভ হোসেন, ডিম সরবরাহকারী মনির হোসেনসহ অন্যরা। 


এদিকে এসব অভিযোগ অস্বীকার করে রোববার মধ্যরাতে পাল্টা সংবাদ সম্মেলন করে সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তা আমার জানা নেই। তিনি বলেন, প্রাণ-এর বঙ্গ মিলার্স লি. আমার ভাড়াটিয়া, ওই প্রতিষ্ঠানের নিকট আমার ভবন ভাড়া দেওয়া আছে।


নিয়ম অনুযায়ী আমি আমার ভবনের ভাড়া নিতে সেখানে যাই। সেই সময়ের কথোপকথনের ভিডিও গোপনে ধারণ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মালামাল লুট করার কথিত ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না এবং কাউকে কোন নির্দেশও দেইনি। 


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে দুপুরেই ঘটনাস্থলে থানার উপপরিদর্শক জামাল মিয়াসহ পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।