মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলি’র চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা
ঈশ্বরদীর শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদনের চার প্রাক্তন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির ২৭ বছর পুর্তি উৎসবে তাদের সংবর্ধনা প্রদান করেছে। এই চার মেধাবী সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের শিশুকালের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলিতে এলে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা তাদের ফুলবর্ষনে সিক্ত করে। পরে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের শুরুতে তাদের চমকে দিয়ে মঞ্চে ডেকে বর্ণাঢ্য আয়োজনে স্বর্ণকলি’র পক্ষ থেকে ক্রেষ্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। এসময় তারা তাদের অভিমত মিশ্রিত বক্তব্য দিয়ে বর্তমান শিক্ষার্থীদের আরো ভালো ভাবে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনার পর সংবর্ধনা ও কেক কেটে উৎসবের সূচনা করা হয়। সংবর্ধিত ৪ শিক্ষার্থী ইসরাত জাহান সুচি, উলফাত জাহান তামান্না, আসফা আহমেদ অহনা ও মাহফিল হাসান আনন্দ এ বছর যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ-ঢাকা, পাবনা মেডিক্যাল কলেজ-পাবনা, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ-ঢাকা ও মাগুরা মেডিক্যাল কলেজ-মাগুরায় ভর্তির যোগ্যতা অর্জন করায় স্বর্ণকলি’র পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
স্বর্ণকলি’র প্রাক্তন শিক্ষার্থী এই চার মেধাবী স্কুল প্রাঙ্গনে এলে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা তাদের ফুলবৃষ্টিতে সিক্ত করে। আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মনিরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সমন্বয় এবং স্বাগত বক্তব্য দেন স্বর্ণকলি’র প্রধান শিক্ষক সামুসুন্নাহার লিপি। সংবর্ধিত চার শিক্ষার্থী ছাড়াও এসময় বক্তব্য দেন অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক সেলিম সরদার, কলেজ শিক্ষক ও সংবর্ধিত আসফা আহমেদ অহনা’র পিতা আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, কলেজ শিক্ষক মোতাহার হোসেন মিলু, কলের গানের পরিচালক মানিক মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের অঙ্কন শিক্ষক তানহা ইসলাম শিমুল। শিক্ষা প্রতিষ্ঠানটির ২৭বছর পুর্তি উৎসবে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।