মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তরে ইউসেপের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তরে ইউসেপের উদ্যোগ

শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পিছিয়েপড়া যুব সমাজকে দক্ষ শিল্প শ্রমিকে রূপান্তরের গুরুত্ব তুলে ধরে রাজশাহীতে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটে “শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে পিছিয়ে পড়া যুব সমাজকে শিল্প শ্রমিকে রূপান্তর” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমিদা আক্তার। তিনি ইনস্টিটিউটের বিভিন্ন ট্রেড ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় প্রশিক্ষণের মান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও বাজারচাহিদাভিত্তিক কোর্স পরিচালনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।


প্রধান অতিথির বক্তব্যে ফাহিমিদা আক্তার বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে হলে যুব সমাজকে আধুনিক কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বিশেষভাবে নারীদের কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণসহ কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন এবং বলেন, নারীর দক্ষতা ও অংশগ্রহণ বাড়লে জাতীয় উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে।


তিনি আরও বলেন, ইউসেপ বাংলাদেশ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে ইউসেপের মতো প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ শিল্পখাতে প্রয়োজনীয় দক্ষ শ্রমশক্তি তৈরিতে সহায়ক হচ্ছে।


এ সময় কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের নারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আশুরা আক্তার আনিকা। তিনি বলেন, কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, যা তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করছে। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের জন্য ইউসেপের এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি নারীকে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।


এ সময় ইউসেপ বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহিনুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত যুব সমাজকে দক্ষ শিল্প শ্রমিকে রূপান্তর করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। শিল্পখাতের বাস্তব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে যুবকদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ আরও সম্প্রসারিত হলে শিল্পের উৎপাদনশীলতা বাড়বে এবং বেকারত্ব কমাতে কার্যকর ভূমিকা রাখবে।


মতবিনিময় সভায় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। তারা শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ সম্প্রসারণ, ইন্টার্নশিপ ও চাকরি সংযোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান বাড়বে, শিল্পখাত হবে আরও গতিশীল এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।