সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন ১১ দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায়, সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেয়া হয় না। অথচ বিএনপি প্রার্থীকে শোকজ করার কারণে সে অফিসারকে উইড্রো করা হচ্ছে। এ নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অথচ আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। আসা করি আপনারা সকলে সে দায়িত্ব পালন করবেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার ‘পূর্বের রূপ’ দেখাচ্ছে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, স্যোশাল মিডিয়ায় আপনারা দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, একটি গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ।
আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না শেখ হাসিনার মত আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি নির্বাক পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল। কিন্তু ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিবে।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।