মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাজশাহীতে প্রতারণার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২২ অপরাহ্ন
রাজশাহীতে প্রতারণার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

রাজশাহী মহানগরীতে প্রতারণার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে আরএমপির গোয়েন্দা পুলিশ। তাকে প্রতারণা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


গ্রেফতার অটোরিকশা চালক মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফজর আলী (৫০)। 


আরএমপি থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়,  সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নাটোর জেলার বাসিন্দা হাসিনা বেগম চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুরের একটি হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে শিমলাপার্ক এলাকায় নিয়ে যান।


এ সময় চালক সোনালি রঙের একটি ধাতব খণ্ড দেখিয়ে সেটিকে স্বর্ণ দাবি করে এর বিনিময়ে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী সেখানে টহলরত ডিবি পুলিশের কাছে বিষয়টি জানান।


ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি থামিয়ে চালককে তল্লাশি করে। এসময় তার কাছ থেকে ‘উপহার’ লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের একটি ধাতব খণ্ড, যার ওজন আনুমানিক সতেরো গ্রাম এবং ‘শ্রী জুয়েলার্স’ লেখা প্যাডের একটি চিঠি পাওয়া যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোহাম্মদ ফজর আলী স্বীকার করেন, উদ্ধারকৃত ধাতব খণ্ডটি আসল স্বর্ণ নয়। তিনি কৌশলে ধাতব খণ্ড ও জুয়েলার্সের নামযুক্ত চিঠি রাস্তায় ফেলে দিতেন এবং পরে তা কুড়িয়ে পাওয়ার নাটক সাজিয়ে যাত্রীদের সামনে সেটিকে স্বর্ণ বলে দাবি করতেন। এরপর যাত্রীরা সেটিকে প্রকৃত স্বর্ণ ভেবে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিতেন।


ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।