শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ৩০ কর্মী। উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা বাজারে নির্বাচনী পথসভায় তারা যোগ দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাককাট্টিতলা বাজারে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। তিনি ফুলের মালা দিয়ে নবযোগদানকারী কর্মীদের বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, বিএনপি সত্যিকার অর্থেই ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ্’ অন্তর্ভুক্ত করেছেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন। তিনি জামায়াত থেকে সদ্য যোগদানকারী ৩০ জন কর্মীকে অভিনন্দন জানান এবং দেশ গঠনে সবাইকে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান।
এসময় তিনি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আম ফসলের সার্বিক উন্নয়ন, মাদক থেকে যুবক ও শিক্ষার্থীদের দূরে রাখতে উপজেলাব্যাপী খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি এবং শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক একে আসগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, ধাইনগর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাইউম সফেদ ডাক্তার ও সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ মিয়া।
এছাড়াও শিবগঞ্জ উপজেলা ও ধাইনগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।