মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জামায়াতের আমিরের নির্বাচনি জনসভার তোরণ ভেঙে দিল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন
জামায়াতের আমিরের নির্বাচনি জনসভার তোরণ ভেঙে দিল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণটি ভেঙে অপসারণ করা হয়।


এই অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।


তিনি জানান, সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে একটি তোরণ দেখতে পাই। কিন্তু সেই দলের কাউকে সেখানে দেখা যায়নি। যেহেতু এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে তাই তোরণটি অপসারণ করা হয়েছে।


তোরণটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে তিনি নির্বাচনি সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


এদিকে স্থানীয় প্রশাসন একটি পক্ষ নিয়ে কাজ করছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, গত দুইদিন আগে তোরণটি নির্মাণ করা হয়েছিল। দুইদিন অতিবাহিত হলেও প্রশাসনের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে আমরা নিজেই তোরণটি অপসারণ করে নিতাম। এটি এক দলের চক্রান্ত মাত্র।