মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভোটের প্রচারে ঢাবির ছাত্রনেতারা, চলছে নিজেদের রাজনীতিও

সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
ভোটের প্রচারে ঢাবির ছাত্রনেতারা, চলছে নিজেদের রাজনীতিও
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রচারে নেমেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রচারে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মী।

তারা ক্যাম্পাসের পাশাপাশি নিজের নির্বাচনি এলাকায় গিয়ে পছন্দের প্রার্থী কিংবা দলের পক্ষে ভোট চাইছেন।

প্রচারে নামার মধ্য দিয়ে অবশ্য এলাকায় নিজেদের পরিচিতি বাড়ানোর উদ্দেশ্যের কথাও শুনিয়েছেন কেউ কেউ।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও নেওয়া হবে। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।

সরকারের সঙ্গে তাল মিলিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন ছাত্রনেতারাও। পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নেতারা এ জন্য বিশেষ প্ল্যাটফর্মও গড়ে তুলেছেন।

বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, নিজ নিজ এলাকায় গিয়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার চালানোর নির্দেশ রয়েছে তাদের।

তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন জেলায় প্রচারে দেখা গেছে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে।

বগুড়া-১ আসনে বিএনপি প্রার্থীর প্রচারে মেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আজিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি, “কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক কমিটি করে দেওয়া হয়েছে। আমরা সবাই সমন্বিতভাবে বিএনপির ৩১ দফা পৌঁছে দেওয়া, বিএনপির পলিসি মানুষের কাছে তুলে ধরা, এছাড়া বিএনপি জনগণের জন্য কী কী করবে, তা জানাচ্ছি।

“আমাদের আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা হলো, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ করা, যাতে তরুণ প্রজন্মের ভাবনা-সমস্যা-প্রত্যাশা সম্পর্কে আমরা জানতে পারি।”

নরসিংদী-৩ আসনে গিয়ে প্রচার চালাচ্ছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাউসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছাত্রদল যেহেতু বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে বিএনপিকে জয়যুক্ত করা।

“আমি তো ছাত্র রাজনীতি করি, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এলাকার প্রতিও আমার দায়িত্ব আছে। এলাকার মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ করাও আমাদের দায়িত্ব।”

একজন রাজনৈতিক কর্মী হিসেবে ‘এলাকায় নিজেকে পরিচিত করাও’ একটা উদ্দেশ্য বলে মন্তব্য করেন এ ছাত্রদল নেতা।

তিনি বলেন, “ভবিষ্যতে তো আমাদেরকে মাঠে নামতে হবে। তাই আমরা আমাদের দলকে বিজয়ী করতে ও দলের পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে নিজ এলাকায় এসেছি।”

ফেনী-১ আসনে বিএনপির প্রচারে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য কারিব চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদর্শিক জায়গা থেকেই একজন তরুণ হিসেবে ফেনী-১ আসনের পথে-প্রান্তরে সাধারণ মানুষকে সচেতন করছি এবং বিএনপির জনমুখী বার্তা পৌঁছে দিচ্ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে যাচ্ছেন, এজন্য আমরা সমন্বয়ক কমিটি করে দিয়েছি।

“পাশাপাশি আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার জন্য যে ৩১দফা দিয়েছেন, এতে মানুষের যে ভাগ্য পরিবর্তন হবে, সে সম্পর্কে সবাইকে বোঝাতে মূলত আমাদেরকে এলাকায় গিয়ে প্রচার চালাতে বলা হয়েছে “।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে।

রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রচারে নেমেছেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি জামায়াত জোটের প্রার্থী আকতার হোসেনের জন্য এবং রংপুর শহরে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইছি।”

ভোটের প্রচারে নেমেছেন ডাকসুর নেতারাও। এর মধ্যে ভিপি আবু সাদিক কায়েমসহ বেশির ভাগ নেতাই যোগ দিচ্ছেন জামায়াত ও এনসিপির প্রার্থীদের প্রচারে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তিও জামায়াত জোটের প্রচারে নেমেছে।

জাতীয় ছাত্রশক্তির নেতা মোহাম্মদ সাকিবের নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১৫। তার আসনে এনসিপির প্রার্থী না থাকায় নিজের এলাকায় যাননি তিনি। ঢাকায় থেকে তিনি এনসিপির প্রচার চালাচ্ছেন।

সাকিব বলেন, “আমরা ঢাকায় আছি। এখানে, নাহিদ ভাই, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যদের প্রচার চালানো আমাদের দায়িত্ব।”

প্রচার চলছে ক্যাম্পাসেও

ঢাকা-৮ আসনে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়ছেন এনসিপির পাটওয়ারী।

আব্বাসের হয়ে ক্যাম্পাসে প্রচার চালাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে নেমেছেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। তবে ক্যাম্পাসে এখনো তার পক্ষে তেমন কোনো প্রচার দেখা যায়নি।

ঢাকা-৮ আসনের প্রচারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী বলেন, “আমরা মির্জা আব্বাস ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে যাচ্ছি। যদিও শিক্ষার্থী দের মধ্যে এখানকার ভোটার খুবই কম; তাও আমরা যাচ্ছি।

“আমরা তাদের মধ্যে এক ধরনের আমেজ দেখছি। সেখানে তরুণরা বিএনপির দিকেই বেশি ঝুঁকছেন।”

গণভোটের প্রচারও চলছে

গণভোট সামনে রেখে এবার পাঁচ ছাত্র সংসদ মিলে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ নামের এ প্ল্যাটফর্ম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে।

পাঁচ ছাত্র সংসদের মধ্যে রয়েছে—ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

তারা সিলেট সহ বিভিন্ন বিভাগে গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে নেমেছে ছাত্রশক্তিও।

গত ১৩ জানুয়ারি এনসিপির ক্যারাভান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালায় তারা।

এরপর গত ১৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ‘হ্যাঁ পদযাত্রা’ কর্মসূচি পালন করার কথা জানান জাতীয় ছাত্রশক্তির নেতা সাকিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ১৩ জানুয়ারি প্রথম প্রচার শুরু করি। পরে সারা দেশে ‘হ্যাঁ’ পদযাত্রা করেছি।

‘হ্যাঁ’ ভোটের প্রচারে নেমেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।

তথ্যসূত্র: বিডিনিউজ