নগরীতে সড়ক দুর্ঘটনায় দুর্গাপুরের যুবক নিহত
রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় জান মোহাম্মদ (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জান মোহাম্মদের বাড়ি দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান মোহাম্মদ গত সোমবার (২ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেল যোগে রাজশাহী কোর্টে যাওয়ার জন্য বের হন। চলতি পথে খড়খড়ি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পার হয়ে সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আশা একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনের বাসের সাথে সংঘর্ষ হয়।
এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরে নিহত জান মোহাম্মদের মরদেহ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেবীপুর শ্বশুরবাড়ী প্রথম জানাযা শেষে আলীপুর নিজ বাসভবনে দ্বিতীয় জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।