মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে ওয়াটার পার্কের ওয়েভ পুলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে শিক্ষা সফরে এসে ওয়াটার পার্কের ওয়েভ পুলে নেমে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই শিক্ষার্থীর নাম  আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় অবস্থিত সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ২২ কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। 


আবিদ পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। তিনি আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

 

পুলিশ জানিয়েছে, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সফরে সাফিনা ওয়াটার পার্কে আসেন। দিনভর বিভিন্ন রাইড উপভোগের পর বিকেলে কয়েকজন শিক্ষার্থী ওয়েভ পুলে নামেন। এসময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান।


একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তার সহপাঠিরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, আবিদের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন আছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরেদহ থানায় নিয়ে এসে রাখা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা রওয়ানা দিয়েছেন। তারা অভিযোগ বা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।     


তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।