মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: মহাপরিচালক

সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
নির্বাচনে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৫ লাখ ৬০ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।


তাদের বিভিন্ন নির্দেশনা দিতে প্রতিটি জেলায় নির্বাচনি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হচ্ছে। নির্বাচনে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মূল ভূমিকা পালন করবে।”


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মহাপরিচালক বলেন, “প্রতিটি সদস্যকে কয়েক ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, অনেক ভুয়া ব্যালট পেপার করা হচ্ছে। কোনো ভুয়া ভোটার যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে; সেই লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।”


এ সময় জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা কমান্ডেন্ট রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি