সোমবার, জুন ২২, ২০২৬

পাঞ্জাবে গাড়ির ভেতর থাকা আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা

সোনার দেশ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২ অপরাহ্ন
পাঞ্জাবে গাড়ির ভেতর থাকা আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা
পাঞ্জাবে গাড়ির ভেতর থাকা আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। ছবি: এনডিটিভি

ভারতের পাঞ্জাবে আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে।

জলন্ধরে মডেল টাউনে শিখ উপাসনালয়ের বাইরে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়; তার মধ্যে ৫টি গুলি গাড়িতে থাকা এ রাজনীতিকের শরীরে লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরই তার মৃত্যুসংবাদ আসে, বলছে এনডিটিভি।

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এনডিটিভি লিখেছে, শুক্রবার সকালে ওবেরয় গুরুদুয়ারার বাইরে তার গাড়ি পার্ক করছিলেন। এ সময় দুই-চাকার একটি যানে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদুয়ারায় প্রার্থনা শেষে নিজের গাড়িতে ওঠার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে।

লাকি ওবেরয়ের স্ত্রী সিমারজিত কৌর আম আদমি পার্টির প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিলেও জিততে পারেননি।

রাজ্যে ক্ষমতাসীন দলের এক নেতার এমন মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বিধানসভার বিরোদীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া।

তিনি বলেছেন, পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ভেঙে পড়েছে এই ঘটনা তারই সাক্ষ্য দিচ্ছে।

“ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের জন্য আর কীইবা আশা থাকতে পারে?” এক্সে এমনটাই লিখেছেন তিনি।

তথ্যসূত্র: বিডিনিউজ