সোমবার, জুন ২২, ২০২৬

নাটোর-১ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ স্বতন্ত্র প্রার্থী টিপুর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
নাটোর-১ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ স্বতন্ত্র প্রার্থী টিপুর

নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের কথিত ‘হেলমেট বাহিনী’ রাতের আঁধারে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে।


পাশাপাশি আরেকটি দলের কর্মীরা ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে বলেও তিনি দাবি করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভাটি উপজেলার লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত হয়।


এ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেন, এসব কর্মকান্ডের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না- এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হওয়া কঠিন হয়ে পড়বে।


তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব হলো সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটারদের নিরাপত্তা দেওয়া। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।