মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বরিশালে বিনামূল্যের বই বেচতে গিয়ে শিক্ষকসহ আটক ২

সোনার দেশ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
বরিশালে বিনামূল্যের বই বেচতে গিয়ে শিক্ষকসহ আটক ২
গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম ও মো. রুবেল খান।

বরিশালে অষ্টম ও নবম শ্রেণির বই লাইব্রেরিতে বেচতে গিয়ে এক শিক্ষকসহ দুজন আটক হয়েছেন।

শনিবার রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ওই দুজন হলেন- মো. শফিকুল ইসলাম (২৪) ও মো. রুবেল খান (৩০)।

শফিকুল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আর রুবেল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

কোতয়ালী মডেল থানার এসআই মো. কামাল বলেন, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল। গোপন খবরে দুজনকে আটক করা হয় এবং ৩২৯টি বই উদ্ধার করা হয়।

তথ্যসূত্র: বিডিনিউজ