মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভাইয়ের হত্যাচেষ্টার বিচার চেয়ে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
ভাইয়ের হত্যাচেষ্টার বিচার চেয়ে বোনের সংবাদ সম্মেলন

রাজশাহীতে নগরীতে প্রকাশ্যে ব্যবসায়ী রফিকুল ইসলামের উপরের হামলার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট বোন। এই ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। 


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শিরোইল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলকিস আক্তার। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও আগাম সতর্কবার্তা উপেক্ষার ফলেই এই হত্যাচেষ্টার ঘটনা সংঘটিত হয়েছে। 


লিখিত বক্তব্যে বিলকিস আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেরে তার ভাইকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল। একাধিকবার নিরাপত্তাহীনতার বিষয়টি থানাকে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


গেল ১ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ভদ্রা সেরিকলচার মসজিদ গেটের বিপরীতে রফিকুল ইসলামের পাইকারি লোহার দোকানের সামনে তাকে টার্গেট করে হামলা চালানো হয়।


তিনি জানান, দোকান থেকে টেনে বের করে রফিকুল ইসলামকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথা ফেটে যায় এবং হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।


এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


অভিযুক্ত হিসেবে মনিরুল ইসলাম শরিফ, স্বাধীন, শরিফুল ইসলাম সফি, মনি, নিশা খাতুনসহ অজ্ঞাত আরও ৪/৫ জন এই হামলায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দেওয়া হয়েছে।


কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু তারা এখনও হুমকিধামকি দিয়ে যাচ্ছে। অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে। 


এই ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলাম শরিফ বলেন, ওইদিন আমি রাজশাহীতে ছিলাম না। আমার সঙ্গে শত্রুতা করে মামলায় নাম দিয়েছে। আমি এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম। তারা আমাকে ফাঁসাতে চাচ্ছে।