মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ‘হ্যাঁ ভোট’ এর গণসংযোগে বিএনপি কর্মীদের বাধা, লিফলেট ছিনতাই ও হুমকি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৩ অপরাহ্ন
ঈশ্বরদীতে ‘হ্যাঁ ভোট’ এর গণসংযোগে বিএনপি কর্মীদের বাধা, লিফলেট ছিনতাই ও হুমকি



পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালে ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় লিফলেট বিতরণকারীদের ফোন কেড়ে নেওয়া, হুমকি-ধামকি এবং হামলার চেষ্টার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এম্বাসেডর ড. এম এ মজিদের নেতৃত্বে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ চলছিল।

এ সময় সাহাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন মাস্টার তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে গণসংযোগে বাধা দেন বলে অভিযোগ করা হয়। অভিযুক্ত লিটন মাস্টার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মন্টু খাঁর ছেলে। এদিকে এ ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পক্ষ থেকে রোববার রাত দশটার দিকে শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এনসিপির পাবনা জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নূর উদ্দিন শফি কাজল বলেন রোববার ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা, লিফলেট ছিনতাই, মোবাইল ফোন কেড়ে নেওয়া, হুমকি প্রদান ও হামলার ঘটনা ঘটে। এতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

ঘটনার সময় এনসিপি নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ১২ তারিখের পর দেখে নেওয়া হবে’ বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আওতাপাড়া হাট এলাকা থেকে দ্রুত সরে না গেলে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন এনসিপি নেতারা। স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা ও ভবিষ্যতে এনসিপিসহ সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ গণসংযোগ ও প্রচারণা নির্বিঘ্নে পরিচালনার জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য মৃদুল দেওয়ান, সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, ইয়াসিন আরাফাত ইমন, নূর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযুক্ত লিটন মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

এসব বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কর্মকর্তাকে বলা হয়েছে।