সিরাজগঞ্জে ট্রাফিক জরিমানায় ৪১ লাখের রেকর্ড
গত বছরের ডিসেম্বর মাসের রেকর্ড ভেঙে চলতি বছরের জানুয়ারিতে আবারও জরিমানা আদায়ে রেকর্ড গড়েছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস।
জানুয়ারিতে ৭৬২টি মামলার বিপরীতে ৪১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলায় আদায় হয়েছিল ৩০ লাখ টাকার বেশি জরিমানা।
ট্রাফিক আইন অমান্য, বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান জোরদারের ফলেই এ রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, “রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে জানুয়ারিতে অনলাইনে ৭৬২টি মামলা করা হয়েছে।
“এসব মামলার বিপরীতে ইউক্যাশের মাধ্যমে ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা রাজস্ব আদায় হয়েছে; যা এ অফিসের ইতিহাসে সর্বোচ্চ।
তিনি বলেন, “জানুয়ারিতে রেজিস্ট্রেশনবিহীন ২১৬টি মোটরসাইকেল আটক করা হয়। পরে মালিকরা বিআরটিএতে জরিমানা জমা দেওয়ার পর সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতিটি মোটরসাইকেল থেকে কমপক্ষে ১৫ হাজার টাকা করে রাজস্ব পেয়েছে বিআরটিএ।”
একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় আরও অন্তত ৭৬টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক রয়েছে বলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।
তথ্যসূত্র: বিডিনিউজ