রূপপুর প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের নিরাপত্তা-সংশ্লিষ্ট ১৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সরেজমিনে প্রকল্পের চুড়ান্ত প্রস্তুতি, সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত গতকাল সোমবার পরিদর্শনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রতিনিধিদল রূপপুর প্রকল্পের মেইন কন্ট্রোল রুমসহ পুরো সাইট ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন ধাপের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান প্রকল্পের কাজের চূড়ান্ত প্রস্তুতি, চলমান অগ্রগতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং এ সংক্রান্ত ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।
প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। এ তথ্য নিশ্চিত করেন চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বিপিএম বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী (ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল),
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়া (এসজিপি, বিএএএম, এনডিইউ, এএএফডবিইউসি, পিএসসি), স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, সিনিয়র সচিবের একান্ত সচিব নাজমুছ সালেহীন নূর, রূপপুর প্রকল্পর প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন,
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।