মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রাবিতে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক নিয়োগের সংবাদ ভিত্তিহীন: রাবি প্রশাসন

রাবি প্রতিবেদক ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
রাবিতে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক নিয়োগের সংবাদ ভিত্তিহীন: রাবি প্রশাসন

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহকভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়ে প্রচারিত খবর অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তি সৃষ্টিকারী বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহকভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিতে যাচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদ রাবি কর্তৃপক্ষের গোচরীভুত হয়েছে। এডহক নিয়োগ সংক্রান্ত সংবাদের বিষয়বস্তু সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তি সৃষ্টিকারী।

 

এই সম্পর্কে রাবি কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কোনো উদ্যোগ বা পরিকল্পনা ছিল না। সভার আলোচ্যসূচিতে এরকম বিষয়ের কোনো অস্তিত্বও ছিলো না। বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগের প্রয়োজন হলে তা কেবল বিদ্যমান বিধি-বিধান অনুসারে করা হয়ে থাকে। এই অবস্থায় তথাকথিত বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত সংবাদের বিষয়টি একান্তই দূরভিসন্ধিমূলক এবং মহল বিশেষের স্বার্থসিদ্ধির জন্য উদ্দেশ্যেমূলকভাবে গুজবের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস বলে প্রতীয়মান হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাবিতে দীর্ঘদিন যাবত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এখানে ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। এসময় কোনো মনগড়া বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি কাম্য নয়। যদি কোনো বিষয়ে জানার থাকে তবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যেতে পারে। রাবি কর্তৃপক্ষ এহেন ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ বিষয়ে বিএনপিপন্থী শিক্ষকদের বরাতে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছিল।