মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভোটের টানে নগর ছেড়ে গ্রামে পথে মানুষ

নিজস্ব প্রতিবেদক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
ভোটের টানে নগর ছেড়ে গ্রামে পথে মানুষ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজশাহী মহানগরী  ছাড়তে শুরু করেছেন অসংখ্য মানুষ। ভোটাধিকার প্রয়োগের আগ্রহে গ্রামে ফেরার এই ঢল ইদের ছুটির সময়ের চিরচেনা দৃশ্যকেই যেন মনে করিয়ে দিচ্ছে।


এই যাত্রা শামিল হয়েছেন কর্মজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার ভোটাররা। ফলে রাজশাহী বাস টার্মিনাল এবং রাজশাহী রেলওয়ে স্টেশনজুড়ে তৈরি হয়েছে উপচেপড়া ভিড়। নির্বাচন ঘিরে এই যাত্রা অনেকের কাছেই যেন ইদের বাড়ি ফেরার মতো আনন্দের।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজশাহী রেলস্টেশনে বাড়তে থাকে যাত্রীদের চাপ। সূর্য ওঠার আগেই প্ল্যাটফর্মে জড়ো হন শতশত মানুষ। কারও হাতে বড় ট্রলি ব্যাগ, কারও কাঁধে ব্যাকপ্যাক, কেউ আবার শিশুদের হাত ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।


ট্রেনের ঘোষণা ভেসে আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের ব্যস্ততা আরও বেড়ে যায়। কেউ সিট খুঁজছেন, কেউ স্বজনদের ডাকছেন, কেউ শেষ মুহূর্তে ফোনে বাড়ির খবর নিচ্ছেন। মুহূর্তেই স্টেশন এলাকা হয়ে ওঠে সরব ও প্রাণচঞ্চল।


রাজশাহী স্টেশন ঘুরে দেখা যায়, দল বেঁধে যাচ্ছেন অনেকেই। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন কেউ কেউ। আবার কেউ চুপচাপ অপেক্ষা করছেন ট্রেনের। কিন্তু সবার চোখেমুখেই একই রকম উচ্ছ্বাস।


দীর্ঘদিন পর বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের উৎসবের আবহ। তবে, বাস না পেয়ে অনেক যাত্রীকে ট্রাকে করে বাড়ি ফিরতে দেখা গেছে।


নগরীরতে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত রাকিব হাসানের বাড়ি রংপুর জেলায়। তিনি বলেন, বছরে এক-দুবারের বেশি বাড়ি যাওয়া হয় না। ভোটটা নিজের এলাকায় গিয়ে দিতে চাই। মনে হচ্ছে ইদের ছুটিতে বাড়ি যাচ্ছি।’


শুধু রেলস্টেশন নয়, বাস টার্মিনালেওএকই চিত্র। জেলাও আন্তঃজেলা বাসটার্মিনালে সকাল থেকেই যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। দূরপাল্লার বাসের কাউন্টারে টিকিট সংগ্রহে ভিড় দেখা যায়। অনেকে আগেভাগে টিকিট কেটে রাখলেও শেষ মুহূর্তে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়ছেন কেউ কেউ।


রেলওয়ে ও বাস সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীচাপ সামাল দিতে ট্রেন অতিরিক্ত কোচ লাগানো হয়েছে, এমন কি আন্তঃনগরসহ সকল ট্রেনের অফডে বাতিল করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত বাস চালানোর উদ্যোগ নিয়েছন বাস মালিক সমিতি।। তবুও নির্বাচন ঘিরে বাড়ি ফেরার চাপ পুরোপুরি কমানো যাচ্ছে না।