ভারতের সরকারি অনুষ্ঠান, স্কুলগুলোতে ‘জনগণ মন’ এর আগে ‘বন্দে মাতরম্’ বাজাতে হবে
ভারতের সব সরকারি অনুষ্ঠান ও স্কুলগুলোতে জাতীয় সঙ্গীত ‘জনগণ মন’ এর আগে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্’ বাজাতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার সকালে জারি করা নতুন নিয়মে মন্ত্রণালয়টি বলেছে, ‘বন্দে মাতরম্’ বাজানোর সময় উপস্থিত সবাইকে দাঁড়াতে হবে।
ভারতের এই জাতীয় স্তোত্র এখন থেকে বাধ্যতামূলকভাবে পদ্ম পুরস্কারের মতো বেসামরিক সম্মাননা অনুষ্ঠানগুলোতে এবং দেশটির প্রেসিডেন্ট উপস্থিত থাকেন এমন অনুষ্ঠানগুলোতে বাজাতে হবে। সিনেমা হলের মতো গণপরিসরেও এই স্তোত্র বাজাতে হবে, তবে এইক্ষেত্রে দাঁড়ানোর বিষয়টি জাতীয় সঙ্গীতের মতো বাধ্যতামূলক হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়; খবর ভারতীয় গণমাধ্যমের।
স্তোত্রটি বাজানোর সময় ১৯৩৭ সালে ভারতীয় কংগ্রেস পার্টি যে চারটি স্তবক বাদ দিয়েছিল সেগুলোসহ ‘বন্দে মাতরম্’ গানের ছয় স্তবকের সবগুলোই বাজাতে হবে।
গত মাসে কয়েকটি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছিল, দেশটির বিজেপি সরকার জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে প্রযোজ্য রাষ্ট্রীয় নিয়মাবলী ‘বন্দে মাতরম্’ এর ক্ষেত্রেও আরোপ করার পরিকল্পনা করেছে। ‘জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন’ এর অধীনে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তারা।
তথ্যসূত্র: বিডিনিউজ