রাজশাহী-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাঘা ও চারঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১১৯টি কেন্দ্রে ব্যালট পেপারসহ এই সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রিজাইডিং কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করেন। সরঞ্জাম হস্তান্তরের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং প্রদান করা হয়।
উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম বিতরণ করা হয়। বুধবার সকাল ১১টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা সরঞ্জাম গ্রহণ করেন।
এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। প্রার্থীরা হলেন-জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা)।
এ আসনে মোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। এরমধ্যে বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, 'ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।'
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বলেন, 'এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্নে করতে কেন্দ্রভিত্তিক ব্যালট পেপারসহ সরঞ্জাম বিতরণ করা হয়। #