ঈশ্বরদীর প্রধান সমস্যা রেলগেটের যানজট
পাবনার ঈশ্বরদীর প্রধান সমস্যা রেলওয়ে গেটের অসহনীয় যানজট। গত ২০ বছর ধরে এই যানজটে আটকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কর্মঘন্টা নষ্ট হয় ঈশ্বরদীবাসীর। সময় ঘুরে নির্বাচন এলেই ঈশ্বরদীর প্রধান সমস্যা রেলওয়ে গেটের যানজটের দুর্ভোগ ঘোচাতে ভোটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির এক নম্বরে রাখেন রেলগেটে ফ্লাইওভার নির্মানের বিষয়টি। এবারেও তার ব্যাত্যয় ঘটেনি।
জাতীয় সংসদের ৭১, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বি প্রধান দুই প্রার্থীই তাদের নির্বাচনী ইশতেহারে ‘নির্বাচিত হলে প্রথমেই ঈশ্বরদীর রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মান করা হবে’ বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ বিষয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বিএনপি মনোনীত এই আসনে ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তার ৬ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহারে গুরুত্বের সঙ্গে বলেছেন তিনি এমপি নির্বাচিত হলে ঈশ্বরদীর প্রধান সমস্যা রেলওয়ে গেটে একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মান করবেন।
এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডলও তার ৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় রেলগেটের যানজট থেকে ঈশ্বরদীবাসীকে মুক্ত করতে এখানে একটি ফ্লাইওভার নির্মান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা গেছে, বিগত সময়ে এই আসনে ৫ বার নির্বাচিত সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলু মন্ত্রী থাকাকালীন সময়ে এই ফ্লাইওভার নির্মানের প্রতিশ্রুতি দিয়ে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ সমস্যা নিয়ে প্রস্তাব উত্থাপনও করেছিলেন। এই আসনের সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস এবং সর্বশেষ এমপি গালিবুর রহমান শরীফও তাদের সময়ে সংসদ নির্বাচনের আগে নির্বাচনি ইশতেহারে রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মান করার প্রতিশ্রুতি দিলেও তারা তাদের কথা রাখতে পারেননি।
গত ২০ বছর ধরে ভোট এলেই প্রার্থীরা তাদের নির্বাচনি ইশতেহারে ঈশ্বরদীর প্রধান সমস্যা হিসেবে ফ্লাইওভার নির্মানকে গুরুত্ব দিলেও কেউই শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেননি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারো আলোচনায় এসেছে এই ফ্লাইওভার নির্মানের বিষয়টি।
এ বিষয়ে ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু বলেন, আওয়ামীলীগের শাসনামলে আমরা ঈশ্বরদীতে একজন পূর্ণমন্ত্রী পেয়েছিলাম, তিনিও ঈশ্বরদীতে ফ্লাইওভার নির্মান করার ঘোষনা ও প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থতা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
তিনি দীর্ঘদিন এই আসনে এমপি ছিলেন। তার পর আরো দুজন এমপি একই প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। আসন্ন নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একই প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আমরা রাজনীতিকদের কথায় বিশ্বাস হারিয়ে ফেলেছি।
এ বিষয়ে মুঠোফোনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে প্রথমেই রেলওয়ে গেটে ফ্লাইওভার নির্মান করবো।
একই বিষয়ে জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এবং আমি এমপি নির্বাচিত হলে ঈশ্বরদীর প্রধান সমস্যার সমাধান ফ্লাইওভার নির্মানকে প্রধান এবং প্রথম গুরুত্ব দিয়ে ঈশ্বরদীবাসীর দুর্ভোগ লাঘব করবো।