মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীর পথে পথে সেনাবাহিনীর টহল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ন
ঈশ্বরদীর পথে পথে সেনাবাহিনীর টহল

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ঈশ্বরদী উপজেলার ঝুঁকিপূর্ণ ৩৩টি ভোটকেন্দ্রসহ ৮৪টি ভোটকেন্দ্রের প্রত্যেকটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। সবগুলো ভোট কেন্দ্রে নিশ্চিন্তে ভোট প্রয়োগের ক্ষেত্রে অনিয়ম-কারচুপিসহ যে কোন ধরনের সহিংসতা এড়াতে ঈশ্বরদীর পথে পথে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ প্রশাসনের ব্যাপক তৎপরতাও এখন দৃশ্যমান।


ইতোমধ্যে সব বাহিনীর সমন্বয়ে উপজেলা প্রশাসন দফায় দফায় বৈঠক ও মতবিনিময় করে যে কোন মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত করার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রিজাইডিং অফিসারগণসহ সব বাহিনীর সকল পর্যায়ের সদস্যদের একযোগে এক স্থানে জড়ো করে এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।


এসময় পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে ঈশ্বরদী উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের গ্রাম পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ প্রশাসনের শতাধিক সদস্যরা একযোগে গাড়ি বহর নিয়ে টহল দিয়ে মানুষকে ভোট প্রয়োগের ক্ষেত্রে সব ধরনের ভীতি ও বাধা থেকে দুরে থেকে নির্ভয়ে ভোটদানে উদ্বুদ্ধ করেছেন।


শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সেনাবাহিনীর সতর্ক প্রহরাও লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান বলেন, ঈশ্বরদী উপজেলায় ‘অধিক ঝুঁকিপূণর্’ ভোটকেন্দ্র হিসেবে ৮টি এবং ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র হিসেবে ২৫টি ভোটকেন্দ্রসহ সবগুলো ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া সবগুলো ভোটকেন্দ্রের সঙ্গে কেন্দ্রীয়ভাবে অনলাইনভিত্তিক একটি সমন্বিত সেল সার্বক্ষনিক নজরদারিতে থাকবে। এতে যেকোন স্থানে কোন ধরনের ঘটনা তাৎক্ষনিকভাবে সব বাহিনী সঙ্গে সঙ্গে অবহিত হতে পারবেন। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অধিকতর নজরদারি থাকবে।



‘অধিক ঝুঁকিপূণর্’ ভোটকেন্দ্রগুলো হলে পৌর এলাকার সাঁড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী সরকারী কলেজ (মহিলা), ঈশ্বরদী সরকারী কলেজ, বিজ্ঞান ভবন (পুরুষ), ঈশ্বরদী সরকারী কলেজ, ব্যবসা প্রশাসন ভবন (মহিলা), ভেলুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সাহাপুর ইউনিয়নের শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় এবং মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র।


‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রগুলি হলো এস এম স্কুল অ্যান্ড কলেজ (পুরুষ), এস এম স্কুল অ্যান্ড কলেজ (মহিলা), পিয়ারাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেমোহাম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা), রেলওয়ে নাজিম উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় (পুরুষ), নারিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরামবাড়ীয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ), মাজদিয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ), সাঁড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রূপপুরের জিসান হৃদ মেমোরিয়াল স্কুল, চর রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), চররূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জিগাতলা, দিয়াড় বাঘইল সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), চরমিরকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, মানিকগনর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিয়াড় সাহাপুর আদর্শ বিদ্যানিকেতন, নওদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরগড়গড়ি দাখিল মাদ্রাসা, চরগড়গড়ি দাখিল মাদ্রাসা, লক্ষ্মীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামালপুর টি.এম উচ্চ বিদ্যালয়, চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয় ও পতিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।


ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে। পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘরিয়া দুই উপজেলায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৭ হাজার ২৩১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৬০৫ জনের মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৮৮২ ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭৭৯ জন। আটঘরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৩২ এবং মহিলা ভোটার রয়েছে ৭২ হাজার ৪০৪ জন। ঈশ্বরদীতে ভোটকেন্দ্রের সংখ্যা ৮৪টি।