সোমবার, জুন ২২, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ

সোনার দেশ ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন
বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে।


সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম বুধবার বিকালে বলেন, “জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকার পরিমাণ মোট ৭৪ লাখ।”


এ বিষয়ে সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করা হবে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে।


ওসি বলেন, “বেলাল উদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার এ বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।”


পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।


পুলিশ বলছে, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।


এদিকে আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।


বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।


তবে বিষয়টিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “আমার পকেটে টাকা আছে। আমাকে ধরতে যাবে কেন? অদ্ভূত প্রশ্ন আইনশৃঙ্খলাবাহিনী করছে।


তথ্যসূত্র: বিডিনিউজ