মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কুমিল্লায় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৩৮টি ব্যালট বাতিল

সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন
কুমিল্লায় ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৩৮টি ব্যালট বাতিল

কুমিল্লা-১০ আসনের লালমাইয়ের একটি ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিল দেওয়া ৩৮টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন।


তিনি বলেন, ‘’হঠাৎ একদল ব্যক্তি কেন্দ্রে ঢুকে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তারা সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি।”


“আমাদের বাধায় তারা ব্যর্থ হয়। পরে ৩৮টি সিল মারা ব্যালট পাওয়া যায়, যেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।”


বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।


জড়িতদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘’তারা অন্য এলাকা থেকে এসেছেন, তাই হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।’’


ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।


লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।”


এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


তথ্যসূত্র: বিডিনিউজ